বিনোদন ডেস্ক,
প্রায় সাত বছরের বিরতির পর পরিচালনায় ফিরেছেন করণ জোহর। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-কে ঘিরে ভক্তদের উন্মাদনাও ছিল অনেক। মুক্তির প্রথমদিন বক্স অফিসে জমজমাট ব্যবসা করল এই ছবি।
শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর সিং ও আলিয়া ভাটের রকি অউর রানি কি প্রেম কাহানি। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ছবিটি আয় করেছে ১১ কোটির বেশি।
১৭৮ কোটি রুপি বাজেটের এই ছবি মুক্তির আগেই তুলে ফেলেছে খরচের ৯০ শতাংশ। করণ জোহর ছবির পেছনে খরচ করেছেন ১৬০ কোটি রুপি। প্রচারণার জন্য ব্যয় করবেন আরও ১৮ কোটি রুপি। প্রযোজকরা ইতোমধ্যেই ছবির ডিজিটাল রাইট বিক্রি করেছেন আমাজন প্রাইমের কাছে। ৮০ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে ছবির স্বত্ব। তাই মাত্র ১৮ কোটি রুপি আয় করলেই ছবির লগ্নি পুরোপুরি উঠে আসবে।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও।
পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই ছবিতে। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি, অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এই ছবি।











Add Comment